অর্থনীতি ও পরিবেশ বাঁচাতেই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর --------- ওবায়দুল কাদের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২২:৩৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মানবিক কারণে প্রায় ১১ লাখের অধিক রোহিঙ্গাকে দেশে আশ্রয় দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ সমালোচনা করে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, এসব রোহিঙ্গাদের জন্য দেশের অর্থনৈতিক, সামাজিক, পর্যটন ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে, তাই সরকার তাদেরকে ভাসানচরে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে প্রশংসা ও লিপ সার্ভিস ছাড়া কোনো ধরনের সহযোগিতা কি পেয়েছি?

গতকাল শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে ওবায়দুল কাদের আরো বলেন, ‘সারাদেশে আজ যে ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে তাতে প্রতিপক্ষ কোনো ধরনের ধন্যবাদ জানায়নি, উলটো তারা সমালোচনা করেই যাচ্ছে। বঙ্গবন্ধু    কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ উন্নয়ন এবং সততা দিয়েই দেশের জনগণের মন জয় করে নিয়েছে। আর এটা বিএনপির সহ্য হয় না। তাই তারা দেশবিরোধী বিভিন্নমুখী ষড়যন্ত্র চলাচ্ছে।’ তিনি বলেন, আওয়ামী লীগ কখনো গায়ে পড়ে ঝগড়া করে না, তবে কেউ আক্রমণ করলে পালটা জবাব দিতে প্রস্তুত রয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ২০২১ সালের প্রথম মাসেই করোনার ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। স্থানীয় নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে। দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে জয়ী বা পরাজিত হলে পরবর্তীতে তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।