মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১১ ও ১২ নম্বর খুঁটির ওপর ৪০তম স্প্যান ‘২ই’ বসেছে। গতকাল শুক্রবার সকালে এ স্প্যানটি স্থাপনের মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ছয় কিলোমিটার অবকাঠামো। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান মো. আব্দুর কাদের জানিয়েছেন, ‘এখন আর একটি স্প্যান বসানো বাকি রয়েছে। বিজয় দিবসের আগেই ১৫০ মিটার দীর্ঘ ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর পুরো অবকাঠামো দৃশ্যমান হবে। এ স্প্যানটি সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো হবে। ’
সূত্র জানায়, পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি সাড়ে ৮২ শতাংশ। মূল সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৯১ শতাংশ। আর্থিক অগ্রগতি ৮৮ দশমিক ৩৮ শতাংশ। পুরোদমে চলছে সেতুর স্প্যানে রোডওয়ে ও রেলওয়ে স্লাব বসানোর কাজ। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর স্প্যানের ওপরে চলবে যানবাহন। আর নিচে চলবে ট্রেন। স্প্যানের ওপরে সড়ক পথের জন্য ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্লাব বসাতে হবে আর রেল চলার জন্য বসবে ২ হাজার ৯৫৯ রেলওয়ে স্লাব। রেলওয়ে স্লাবের সঙ্গে বসছে ১ হাজার ৩১২টি লোহার গার্ডার।
নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। দেশের দীর্ঘতম এই সেতুর নির্মাণকাজ ২০২১ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
