রাজধানীতে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ ভাস্কর্যবিরোধী মিছিল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২২:৩৬

রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের সামনে সমাবেশ শেষে বের হওয়া ভাস্কর্যবিরোধী মিছিল পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে গেছে। পুলিশের ভাষ্যমতে, মুক্তমঞ্চ ও সম্মিলিত ইসলামী জোট নামে দুটি সংগঠন এই মিছিল-সমাবেশে অংশ নিয়েছিল। গতকাল শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি সংগঠনের ব্যানারে বের হওয়া মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন মিছিলকারীরা।

পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ধরনের         কোনো সমাবেশের অনুমতি ছিল না। সমাবেশ শেষে মিছিল বের করা হলে তাতে পুলিশ বাধা দেয়। এ সময় কোনো সংঘর্ষ বা কেউ আহত হয়েছেন কি না জানতে চাইলে ওসি বলেন, ‘কোনো সংঘর্ষ হয়নি। আমার জানামতে কেউ আহতও হয়নি।’

মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বলেন, ‘অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ। আমরা আগে থেকেই অ্যালার্ট ছিলাম। হঠাত্ একদল হুজুর বায়তুল মোকাররম থেকে শাহবাগের দিকে যাচ্ছিল। আমরা পল্টনে ব্যরিকেড দিয়েছিলাম। তারা সেটা ভেঙে ফেলে। এরপর আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।’