গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনার ভ্যাকসিন আমদানির জন্য সরকার দেশীয় একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। কিন্তু ভ্যাকসিন আমদানির দায়িত্ব সরকারি কোনো প্রতিষ্ঠান বা কোম্পানিকে দিলে ভ্যাকসিনপ্রতি দুই ডলার করে খরচ কম হতো। সরকারকে উদ্দেশ করে বলেন, এটা জনগণের পয়সা, অপব্যয়ের সুযোগ নেই। যারা আমদানির জন্য চুক্তি করেছে, তারা সরকারকেও বোকা বানাচ্ছে। এ ব্যাপারে ন্যায়-নীতির পক্ষে থাকতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
স্বাস্থ্য খ্যাতে নৈরাজ্য ও দুর্নীতি বন্ধ এবং ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে লেবার পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে চারদিকে যে নৈরাজ্য সেটি থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকারই আলেমদের বিপথে চালিত করছে। আলেমদের তিনি বলেন, ‘অযথা এসব বিতর্কে না জড়িয়ে আন্দোলনে আসেন। দ্রব্যমূল্য বেড়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না, এগুলোর জন্য আন্দোলন করেন। সরকারের কিছু পয়সা পেয়ে তাদের কথায় নাইচেন না, নাচলে আপনাদেরই ক্ষতি।’ ঢাকা মহানগরে পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘পুলিশ সরকারের খাদেম নয়, জনগণের খাদেম। পুলিশের শত অভাব-অভিযোগ আছে। পুলিশ অফিসারদের সরকারি বাড়িঘর নেই। তাদের বাইরে গিয়ে থাকতে হয়, তাদের বেতনের চেয়ে বাড়ি ভাড়া বেশি। এ অবস্থায় থাকলে তারা ঘুষ খাবে না কী করবে! পুলিশ বাহিনীর প্রতি তার আবেদন থাকবে—অন্যায় নির্দেশ আপনারা শুনবেন না।’
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপি নেত্রী অর্পনা রায়, লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দীন ও ভারপ্রাপ্ত মহাসচিব ফারুখ রহমান প্রমুখ।
