ফতুল্লায় নৃত্যশিল্পী ধর্ষণের শিকার, ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে কাজি গ্রেফতার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২২:৩৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় সুন্নতে খাত্নার অনুষ্ঠানে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী নৃত্যশিল্পী। ঢাকার ধামরাইয়ে দেনমোহরের টাকা বাড়িয়ে দেওয়ার প্রলোভনে কাজির কাছে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্রকে বলাত্কারের অভিযোগে আটক হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। এছাড়াও কিশোরগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। স্টাফ রিপোর্টার ও সংবাদদাতাদের পাঠানো খবর।

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জানান, ফতুল্লায় এক তরুণী নৃত্যশিল্পীকে (২৪) ধর্ষণের অভিযোগে ফজলে রাব্বি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত রাব্বি ধর্মগঞ্জ ডালডা কলোনির মৃত আহসানউল্লার বাড়ীর শাহাবুদ্দিন শেখের পুত্র। মামলার অন্য আসামি একই এলাকার মৃত আহসান উল্লার ছেলে কামরুল (২৩) পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঐ তরুণী গোপালগঞ্জ সদরের বাসিন্দা। ফতুল্লার পঞ্চবটি এলাকায় ভাড়া বাসায় থাকেন। স্থানীয় পোশাক কারখানায় কাজ করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। গত বৃহস্পতিবার রাতে একটি সুন্নতে খাত্নার অনুষ্ঠানে শরীফ নামে এক ড্যান্স মাস্টারের আমন্ত্রণে যান। ঐ বাড়িতে আসামিরা একটি কক্ষে নিয়ে ভুক্তভোগী তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। পরে ঐ তরুণীর বান্ধবী ৯৯৯-এ ফোন করে বিষয়টি অবগত করলে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে নৃত্যশিল্পীকে উদ্ধারসহ এক জনকে আটক করে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, এক আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্যজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী তরুণীর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, কাবিননামায় দেনমোহর বাড়িয়ে দেওয়ার প্রলোভনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী নামে এক কাজিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকা থেকে ঐ কাজিকে গ্রেফতার করা হয়।   পুলিশ সূত্রে জানা গেছে, ঐ গৃহবধূর লিখিত অভিযোগে কাজিকে গ্রেফতার করা হয়েছে। কাজি ইউসুফ আলী দীর্ঘদিন যাবত্ ধামরাই এলাকায় বিবাহ রেজিস্ট্রারের কাজ করে আসছে। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি পৌরসভার চন্দ্রাইল এলাকায় ভাড়া থাকেন।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, উল্লাপাড়ার পুকুরপাড় ফয়জুল উলুম মহিউচ্ছুন্নাহ কওমি মাদ্রাসার এক ছাত্রকে (১২) বলাত্কারের অভিযোগে বেলাল হোসেন (২৮) নামে এক শিক্ষককে আটক করা হয়েছে। হাসান জামিন উপজেলার বোয়ালিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে। সে ঐ মাদ্রাসার আট পারার হাফেজ।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জয়নুল আবেদীন জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, শিক্ষক বেলালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। গত বুধবার বিকালে সদর উপজেলার পাটধা দক্ষিণ কুঁড়েরপাড় গ্রামের মমিন মিয়া ঐ প্রতিবন্ধী কিশোরীকে শাক তুলে দেওয়ার কথা বলে এবং টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি মত্স্য খামারের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। মেয়েটির চিত্কারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।