ধূমপান করলে চাকরি থাকবে না ঝাড়খণ্ডে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২২:৩৭

ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সরকার ঘোষণা করেছে, ধূমপান করলে সরকারি চাকরি থাকবে না। চাকরি করতে গেলে ধূমপায়ীদের বদভ্যাসটি ছাড়তে হবে। যেসব কর্মী ধূমপান করেন, তাদের এফিডেভিট দাখিল করে জানাতে হবে যে, তারা ধূমপান ছেড়ে দিচ্ছেন।

শুধু ধূমপানই নয়। কোনো ধরনের তামাকজাত দ্রব্যই তারা সেবন করতে পারবেন না বলে জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, হেমন্ত সোরেন সরকার জানিয়েছেন, প্রতিটি অফিস তামাক বর্জিত এলাকার তালিকায় পড়ছে। তাই কোনোভাবেই অফিসের মধ্যে বা অফিস চত্বরে ধূমপান করা যাবে না বা অন্য কোনো তামাকজাত দ্রব্য সেবন করা যাবে না। রাজ্য সরকারি কর্মচারীদের হলফনামা দাখিল করতে বলা হয়েছে এই বিষয়ে।

২০২১ সালের পয়লা এপ্রিল থেকে এই নিয়ম জারি করা হবে। রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।                 বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তামাকজাত দ্রব্যের মধ্যে সিগারেট, বিড়ি, খৈনি, গুটখা, পান মসলা, জর্দা বা সুপারি, হুঁকো, ই-সিগারেট পড়ছে। ধোঁয়াহীন বা ধোঁয়াযুক্ত কোনো ধরনের তামাকজাত দ্রব্য সেবন করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। প্রতিটি সরকারি অফিসে টোব্যাকো ফ্রি জোনের বোর্ড লাগিয়ে দেওয়া হয়।