অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আপসহীন নেতৃত্ব দিয়েছেন শেখ ফজলুল হক মনি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২২:৩৮

 ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জাতির জনকের আদর্শে আপসহীন নেতৃত্ব দিয়েছেন শহিদ শেখ ফজলুল হক মনি। যিনি ছাত্রজীবন থেকে বাংলার মানুষের অধিকার রক্ষায় লড়াই-সংগ্রাম করেছেন। বাঙালির মুক্তির সংগ্রামে কারাবরণ করেছেন, সহ্য করেছেন অমানবিক নির্যাতন। ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ছিলেন গেরিলা বাহিনী মুজিব বাহিনীর প্রতিষ্ঠাতা।’

গতকাল শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে মহানগর যুবলীগ আয়োজিত সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশের যুব সমাজকে একত্রিত করে দেশ গড়ার লক্ষ্যে শেখ ফজলুল হক মনি যুবলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি যুবলীগ এ দেশের যুবসমাজকে একত্রিত করে দেশ গড়ায় নিয়োজিত। শহিদ শেখ ফজলুল হক মনির স্বপ্ন বাস্তবায়নে বর্তমান যুবসমাজকে তার জীবনাদর্শন থেকে শিক্ষা নিতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শ্যামল সিংহ রায়, যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, মো. আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, অভিজিত চক্রবর্তী দেবু, কবির পাঠান প্রমুখ। আলোচনা সভা শেষে শহিদ শেখ ফজলুল হক মনির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।