বাংলাদেশি অভিবাসী কর্মীদের পুনর্নিয়োগে অগ্রাধিকার দেবে সিঙ্গাপুর সরকার। গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম সিঙ্গাপুর সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী ও জনশক্তি মন্ত্রী তান সি লেং এর সঙ্গে সাক্ষাত্কালে এ ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য যে, সিঙ্গাপু্রই একমাত্র দেশ যেখানে কোভিড-১৯ মহামারিজনিত কারণে কোনো বাংলাদেশি অভিবাসী কর্মীকে ফেরত পাঠানো হয়নি। হাইকমিশনার তৌহিদুল ইসলাম এজন্য সিঙ্গাপুর সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
হাইকমিশনারের অনুরোধের পর মন্ত্রী তান সি লেং জানান যে, সিঙ্গাপুর বিদেশ থেকে কর্মী আনার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করবে। তিনি অপেক্ষমাণ বাংলাদেশি কর্মীদের সিঙ্গাপুরে আগমন দ্রুত ও সহজতর করার লক্ষ্যে নতুন ওভারসিজ ট্রেনিং সেন্টার চালু এবং বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর/সুবিধাজনক স্থানে সিঙ্গাপুরের নিজস্ব অর্থায়নে কোভিড-১৯ টেস্টিং/হেলথ স্ক্রিনিং সেন্টার স্থাপন করা হবে বলে জানান।
তিনি উল্লেখ করেন যে, সিঙ্গাপুরের বাংলাদেশি ও অনান্য অভিবাসী কর্মীদের স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে যা কোভিডকালীন সময়ে সংকুচিত আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচন করেছে।
