ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে কয়েক দিন আগেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল দিল্লি। এবার দেশটির রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে সেই মন্তব্যের প্রতিবাদ জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শুক্রবার ভারতের এই মন্ত্রণালয় বলেছে, ট্রুডোর মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক মারাত্মকভাবে ব্যাহত হবে।
সম্প্রতি এক অনলাইন অনুষ্ঠানে যোগ দিয়ে জাস্টিন ট্রুডো বলেন, ‘ভারতে চলা কৃষক বিক্ষোভের খবর যথেষ্ট উদ্বেগজনক। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষায় কানাডা সব সময় পাশে থাকবে। সেখানকার বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। আমরা সবাই তাদের পরিবার এবং বন্ধু-বান্ধবদের নিয়ে চিন্তিত।’ ট্রুডোর মতো একই মন্তব্য করেছিলেন কানাডার কনজারভেটিভ পার্টির এক নেতাও।
ট্রুডোর মন্তব্যের কারণে কানাডায় ভারতীয় দূতাবাসের সামনে কট্টরপন্থিরা বিক্ষোভ করেছে এবং এ পরিস্থিতিতে ভারত সরকার সেখানকার কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত বলেছে, আমরা আশা করব কানাডা সরকার যে কোনো চরমপন্থি বিক্ষোভ বা আন্দোলন থেকে সেখানকার ভারতীয় দূতাবাস ও এর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে, নয়াদিল্লিতে কয়েক দফা বৈঠকের পরেও আন্দোলন থেকে সরে আসেননি ভারতীয় কৃষকরা। কৃষি আইন প্রত্যাহার না করলে আন্দোলন চলবে বলে বৃহস্পতিবার জানান তারা।
