বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ৪৬ রাউন্ড গুলি বর্ষণ করেছে। শুক্রবার বিকেলে আচরণ বিধি ভঙ্গ করার অভিযোগে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুমা সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিষয়টি তার সমর্থকদের আহত করে। এ বিষয় নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
অপরদিকে, এ বিষয়টি নিয়ে নৌকা মার্কার প্রার্থী কাজী আব্দুল হালিম মিলন চৌধুরীর সমর্থকরা উল্লাস প্রকাশ করে। বিষয়টি ভালোভাবে নিতে পারেনি স্বতন্ত্র প্রার্থী রুমা সরদারের সমর্থকরা। এ ঘটনায় দুই পক্ষ রাত ৯টার পর দক্ষিন উলানিয়ার লালগঞ্জ বাজার এলাকায় মুখোমুখি অবস্থান নেয় এবং ঘণ্টাকালব্যাপী সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তারা পাল্টাপাল্টি ইট-পাটকেলও নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিবৃত করার চেষ্টা চালায়। এসময় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৬ রাউন্ড গুলি বর্ষণ করে। এসময় বিবাদমান দুই পক্ষ পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। ত্রিমুখী এই সংঘর্ষে দুই প্রার্থীর কমপক্ষে ২৫ থেকে ২৭ জন সমর্থক আহত হন। পাশাপাশি ইটের আঘাতে ৬ থেকে ৭ জন পুলিশ সদস্য আহত হয়। এদের মধ্যে তিনজনকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভবিষ্যতে আর যেন কোন সংঘর্ষ না হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি।
ইত্তেফাক/কেকে
