সবজি মৌ শিম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৯:২১

 

মৌ শিম  আরোহী, লতানো বর্ষজীবী থেকে বহুবর্ষজীবী উদ্ভিদ। ফলের আকৃতির জন্যই এই নামকরণ। এটি একটি আবাদি জাত। মাদাগাস্কার, তানজানিয়া, বাংলাদেশ ও ভারতে সবজি হিসেবে পরিচিত। বাংলাদেশে স্থানীয়ভাবে গারো শিম, মৌ শিম, হাতী শিম, রাজ শিম, মাখন শিম ইত্যাদি নামে ডাকা হয়ে থাকে। এর ভর্তা খুব সুস্বাদু। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাছে এটি খুব প্রিয় সবজি। গারো পাহাড়ে ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে জন্মায়।

এই প্রজাতির বীজ লাল। উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায় এবং উদ্ভিদটি ছায়া সহ্য করতে পারে। আদি নিবাস পূর্ব এশিয়া। বাহারি উদ্ভিদ হিসেবে ঘরের বেড়ায় বা বাড়ির সামনেও লাগানো হয়। মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া থাকে। এর বীজ থেকে ইউরিয়েজ আলাদা করে মানুষের রক্তের ইউরিক অ্যাসিড শনাক্তকরণে ব্যবহার করা হয়। সবুজ সার তৈরিতেও এই উদ্ভিদকে ব্যবহার করা সম্ভব। বমি, হাঁপানি, আমাশয়, কফ, মাথাব্যথা, মৃগীরোগ ও সিজোফ্রেনিয়ার চিকিত্সায় কোরিয়াতে এই উদ্ভিদ ব্যবহূত হয়।  শ্রীলংকা, ভারত,  ইন্দোনেশিয়া, চীন, কোরিয়া ও জাপানে এটি সাবান তৈরিতেও কাজে লাগে।  

লেখা ও ছবি :চয়ন বিকাশ ভদ্র