দুর্নীতির দায়ে অস্ট্রিয়ার সাবেক অর্থমন্ত্রীর আট বছর কারাদণ্ড

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২০:৫৫

 বিবিসি

অস্ট্রিয়ার একটি আদালত দুর্নীতির দায়ে দেশটির সাবেক অর্থমন্ত্রী কার্ল-হেইনজ গ্রাসারকে আট বছরের কারাদণ্ড দিয়েছে। সরকারি মালিকানাধীন হাজার হাজার অ্যাপার্টমেন্ট বিক্রির প্রকল্পে অর্থ আত্মসাত্, ঘুষ গ্রহণ ও চুক্তির নথি বিকৃতির অভিযোগে শুক্রবার গ্রাসার দোষী সাব্যস্ত হন। সাবেক এ অর্থমন্ত্রী ৯ মিলিয়ন ইউরোর বেশি ঘুষ লেনদেনের ঘটনায় জড়িত ছিলেন, জানিয়েছে ভিয়েনার আদালত। তবে গ্রাসার তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন তিনি। ২০০০ সালে দায়িত্ব নেওয়ার সময় তিনিই ছিলেন অস্ট্রিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সি অর্থমন্ত্রী। যে মামলায় তার কারাদণ্ডের রায় হলো তাতে ১৪ আসামির সবার বিরুদ্ধে মুদ্রা পাচার, জালিয়াতি, নথি বিকৃতিসহ একাধিক অভিযোগ ছিল। আদালতের ভাষ্য অনুযায়ী, গ্রাসার ও এক দালাল সরকারি মালিকানাধীন ৬০ হাজার অ্যাপার্টমেন্ট বেসরকারি খাতে ছেড়ে দেওয়া সংক্রান্ত একটি প্রকল্পের নিলামের তথ্য সুনির্দিষ্ট একটি কনসোর্টিয়ামকে দিলে তারা প্রতিদ্বন্দ্বীদের টপকে প্রকল্পটি হাতিয়ে নেয়।