গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দের পৌর জামতলা থেকে রাজবাড়ী জেলা সদরে যাতায়াতের বেরিবাঁধ সড়কে সৃষ্ট খানাখন্দের কারণে যানবহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে যানবাহন ও চলাচলকারীরা ভোগান্তিতে পড়েছেন।
অল্প সময়ে রাজবাড়ী সদরে যাতায়াতের জন্য বেরিবাঁধ সড়কটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পদ্মাপাড়ের দেবগ্রাম, ছোটভাকলা, রাজবাড়ী সদরের বরাট ও পাঁচুরিয়া ইউনিয়নের কৃষিপণ্য এই সড়ক দিয়ে সহজে বাজারজাত করা হয়। অটোরিকশাচালক জাহিদুল ইসলাম জানান, বেরিবাঁধ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রয়োজনের তাগিদে তাই বেরিবাঁধ সড়কের পরিবর্তে অনেক কষ্ট করে রেললাইনের পাশ দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছেন। মাহেন্দ্রচালক সুলতান শেখ জানান, কম সময়ে সহজে চলাচলের জন্য ঐ সড়ক খুবই গুরুত্বপূর্ণ। অথচ এটির এখন যে অবস্থা, তাতে যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়েছে। খুব জরুরি প্রয়োজনে ঐ সড়কে গেলে যানবাহনের যন্ত্রাংশ ভেঙে বিকল হয়ে যায়। গোয়ালন্দ প্রপার হাইস্কুলের শিক্ষক আব্দুল মাজেদ মিয়া জানান, এই সড়ক দিয়ে দুই কিলোমিটার দূরে আমার স্কুলে যেতে হয়। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে বর্তমানে রিকশা চলাচলও বন্ধ হয়ে গেছে। পায়ে হেঁটেও ঠিকমতো চলাচল করার উপায় নেই।
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান চৌধুরী জানান, গুরুত্বপূর্ণ বেরিবাঁধ সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
রাজবাড়ী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন জানান, গুরুত্বপূর্ণ বেরিবাঁধ সড়কের গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা থেকে রাজবাড়ী সদর উপজেলার মৌলভীঘাট পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা ১২ ফুটের স্থলে ১৮ ফুট করা হচ্ছে, যা চলতি বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন করার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের জুন মাস পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তবে কাজটি দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
