বরিশাল অফিস
সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিসহ নয় দফা দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ হয়েছে। ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, বরিশাল’ নামক সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে এই সমাবেশ হয়। বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাহুল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিপক ও ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফাসহ অন্যরা। এর আগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের উদ্যোগে নগরীতে ধর্ষণবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।
