ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস আজ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:৫৩

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

আজ ৬ ডিসেম্বর, ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস। ১৯৭১ সালের এই দিনে তত্কালীন কালীগঞ্জ থানার ঘোড়াশালের আটিয়াগাঁও গ্রামের আবুল কাসেমের বাড়িতে হানাদার বাহিনী সর্বশেষ হত্যাকাণ্ড চালায়। আটিয়াগাঁওয়ের আবুল কাসেমের ছেলে আব্দুস ছাত্তার বাবুল জানান, ৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে উত্তর-পশ্চিম দিক থেকে পাকহানাদার ও রাজাকাররা তাদের বাড়ি আক্রমণ করে। আগুন লাগিয়ে দেওয়া হয় গ্রামের ১০/১২টি বাড়িতে। তখন বাবা-মা আমাদের নিয়ে ঘরের ভেতর মাটির গর্তে লুকিয়ে পড়েন। ৩২ নারী-পুরুষ শিশু আশ্রয় নেয় আমাদের একটি মাটির ঘরে। এমন সময় মাটির ঘরের দরজা ভেঙে হানাদাররা লুকিয়ে থাকা ৩২ জনকে বাড়ির উঠানে দাঁড় করে সারিবদ্ধভাবে। বাবা গর্তেই অজ্ঞান হয়ে যান। আচমকা নরপিশাচদের আগ্নেয়াস্ত্র গর্জে ওঠে। বাড়ির উঠানেই ঢলে পড়ে ১৮ নারী-পুরুষ-শিশু।

স্বাধীনতার ৪৯ বছরেও শহিদদের স্মৃতি রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে আক্ষেপ করেন এলাকাবাসী।