সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
এলাকার শীর্ষ সন্ত্রাসী সিংগাইর ও ধামরাই থানার ৩০ মামলার আসামি ইকবাল হোসেন শামীম ও তার সন্ত্রাসী গ্রুপের শাস্তির দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ প্রতিবাদ সভা হয়েছে। ভুক্তভোগীর পরিবার, মুক্তিযোদ্ধার পরিবার ও এলাকাবাসীর ব্যানারে গতকাল উপজেলার ধল্লার ফোর্ডনগরে এ কর্মসূচি পালন করা হয়। শামীম ফোর্ডনগর মোল্লা পাড়ার মোস্তফা মিয়ার ছেলে। বীর মুক্তিযোদ্ধা ওহাব খা, আলম খাঁ, মজিদ মোল্লা ও মুক্তিযোদ্ধার সন্তান মুস্তাফিজুর রহমান খান মুকুল বলেন, শামীম এলাকার শীর্ষ সন্ত্রাসী। নাশকতা, চাঁদা আদায়, অস্ত্র আইনে, পুলিশের গায়ে হাত, জমি দখল, নারীর শ্লীলতাহানী, নাশকতাসহ অন্তত ৩০ এর অধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। এর পরেও তার কিছুই হয় না। বিএনপি নেতা হয়েও সে ক্ষমতাসীনদের সঙ্গে মিশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
