আলোচনা চলছে আরো ১১টি দেশের সঙ্গে ...... বাণিজ্যমন্ত্রী

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২২:১২

ইত্তেফাক রিপোর্ট

শুল্কমুক্ত বাণিজ্যসুবিধার লক্ষ্যে আরো ১১টি দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভুটানের সঙ্গে আজ স্বাক্ষর হতে যাওয়া অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তি (পিটিএ) বিষয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ঐ সংবাদ সম্মেলনে তিনি উভয় দেশের পিটিএ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ২০২৪ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। তিনি বলেন, ভুটান বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানের পর থেকে সুদীর্ঘ ৫০ বছর যাবত্ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন হয়েছে। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এদিন ভুটানের সঙ্গে পিটিএ স্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।