দ্রুততম সময়ে করোনা ভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা দেশের ১০ জেলায় শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জেলাগুলো হলো— গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী।
অ্যান্টিজেন টেস্ট শুরুর মাধ্যমে স্বাস্থ্য খাতের আরেকটি মাইলফলক সৃষ্টি হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দ্রুত সময়ে করোনা ভাইরাসের রোগী শনাক্তের জন্যই এই টেস্টের ব্যবস্থা করা হলো। এর মাধ্যমে স্বাস্থ্য সেবাকে আরো এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব হবে।’
তিনি বলেন, অ্যান্টিজেন পরীক্ষা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী করা হবে। পরীক্ষায় কোনো ব্যক্তির যদি নেগেটিভ ফলাফল আসে, তাহলে তাকে আবার আরটি-পিসিআর পরীক্ষা করা হবে।
সংক্রমণ এড়াতে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাসের টিকা সঠিক সময় নিয়ে আসার চেষ্টা করছে। এখন আমাদের সামাজিক সুরক্ষা টিকা হিসেবে মাস্ক পরাকে গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই এ পরীক্ষার ফল পাওয়া যাবে।’ প্রাথমিকভাবে বিনামূল্যে এই পরীক্ষার ব্যবস্থা সরকার করেছে জানিয়ে তিনি বলেন, ‘যাদের অ্যান্টিজেন পরীক্ষায় ফল নেগেটিভ আসে এবং তার শরীরে করোনার উপসর্গ রয়েছে, এমন সন্দেহজনক রোগীর আরআরটি-পিসিআর টেস্ট করা হবে।’
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা আকতারসহ অন্যান্য সংশ্লিষ্ট জেলার হাসপাতাল প্রধান ও সিভিল সার্জনরা।
