যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত চার দিনে করোনায় ১০ হাজারের বেশি মার্কিনির মৃত্যু হয়েছে। হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে নতুন রোগীর সংখ্যা। এই পরিস্থিতির মধ্যে আশার আলো দেখাচ্ছে করোনার টিকা। ইতিমধ্যে ফাইজার-বায়োএনটেক ও মডার্না টিকা প্রয়োগের অনুমোদন চেয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থার কাছে। সব কিছু ঠিক থাকলে সপ্তাহ খানেকের মধ্যেই যুক্তরাষ্ট্রে টিকা প্রয়োগ শুরু হতে পারে; কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে করোনার টিকা বাধ্যতামূলক করা হবে না। যদিও টিকার নিরাপত্তা নিয়ে মানুষের উদ্বেগ দূর করতে তিনি জনসমক্ষেই টিকা নিতে রাজি আছেন। সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটনও জনসমক্ষে টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন। —বিবিসি
