ভাসানচরে যেতে অনিচ্ছুকদের কক্সবাজারে থাকতে দিন :জাতিসংঘ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২৩:৫৭

আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে ভাসানচরে ‘জোরপূর্বক’ স্থানান্তরিত করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিভেন দুজারিচ। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে বৈশ্বিক বিভিন্ন ঘটনা সম্পর্কিত প্রতিদিনকার প্রেস ব্রিফিংয়ে দুজারিচ বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে জাতিসংঘের আপত্তির কথা বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। ক্যাম্প থেকে আমরা কিছু রিপোর্ট পাচ্ছি যে, রোহিঙ্গাদের কেউ কেউ ভাসানচরে যেতে চাইছে না অথবা শুরুতে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও পরবর্তীতে হয়তো মত পরিবর্তন করেছে। এরকম ক্ষেত্রে তাদের কক্সবাজারে ক্যাম্পে থাকতে দেওয়া উচিত। এছাড়া শুক্রবার স্থানান্তরের সময় কিছু দুঃখজনক ছবি দেখেছি যেখানে বেদনাক্লিষ্ট মানুষদের দেখা গেছে ।

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করা হয়নি বলে বুধবার একটি বিবৃতি প্রকাশ করে জাতিসংঘ। মুখপাত্র  দুজারিচ তার বিবৃতিতে আবারও ঐ বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়ায় আমাদের যুক্ত করা হয়নি। ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের আগে সেখানে জীবনের নিরাপত্তা ও জীবিকার নিশ্চয়তার বিষয়ে বিস্তারিত তথ্য পর্যালোচনা করে স্থানান্তর প্রক্রিয়া শুরু করা উচিত বলে আমরা অনেক দিন ধরেই বলে আসছি।

বিবিসির এক খবরে বলা হয়েছে, কক্সবাজারের ক্যাম্প থেকে ১ হাজার ৬০০-র বেশি রোহিঙ্গাকে বৃহস্পতিবার ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রামে নেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে। বুধবার রাতেই এই কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়ে বিবৃতি প্রকাশ করেছিল মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।