বঙ্গবন্ধুর ভাস্কর্য দ্রুত স্থাপন ও ভাস্কর্যশিল্প বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে গতকাল শনিবার রাজধানীর দোলাইরপাড়ে বঙ্গবন্ধুর নির্মিতব্য ভাস্কর্যের সামনে মানবশৃঙ্খল কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় জাতীয় পার্টি (জাপা) দলীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। অন্যদিকে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে জাসদ।
রাজনৈতিক ধর্ম ব্যবসায়ীরা এখন ফতোয়ার আশ্রয় নিয়েছে: মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য বর্ষীয়ান কমিউনিস্ট নেতা শফিউদ্দীন আহম্মেদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, গণপ্রতিরোধের মুখে পড়ে রাজনৈতিক ধর্মব্যবসায়ীরা ফতোয়া দিয়ে তাদের অসত্ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করছে। বরিশালে আয়োজিত এই স্মরণসভায় ঢাকা থেকে ভিডিওকলে তিনি বলেন, পাকিস্তান আমলে যখন মুসলিম লীগের বিরুদ্ধে সমস্ত দেশবাসী রুখে দাঁড়িয়েছিল, তখন এরাই ফতোয়া দিয়েছিল মুসলিম লীগের বিরুদ্ধে ভোট দেওয়ার অর্থ হবে মসজিদ ভাঙার সমান। তাদের প্রতি আমার পরামর্শ হলো পাকিস্তান গিয়ে জিন্নাহর ভাস্কর্য হারাম বলে ভাঙার ফতোয়া দিন। ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানে জিন্নাহর ভাস্কর্য থাকতে পারলে বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হবে—এটা হতে পারে না। আসলে তারা তাদের অতীতকে ভুলতে পারেনি।
মেনন বলেন, আলেমদের ফতোয়া দেওয়ার আইনগত কোনো অধিকার নেই। প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে আদেশ দিয়েছিলেন—একমাত্র ইসলামি ফাউন্ডেশনই ফতোয়া দেওয়ার সামর্থ্য রাখে। বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি নজরুল হক নিলু। সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন, জেলা নেতা মোজাম্মেল হক ফিরোজ, জাকির হোসেন, ফাইজুল হক বারি ফারাহিন, গোলাম হোসেন, শাহিন হোসেন, এইচ এম হারুন, দিলিপ রাজা প্রমুখ।
রাজনৈতিক মোল্লাদের এক চুল ছাড় না দিয়ে আইনের আওতায় আনুন: ইনু
ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাসদের সমাবেশে দলটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীতাকারী রাজনৈতিক মোল্লারা আলেম, ওলামা বা ধর্মীয় নেতা না; ফতোয়া দেওয়ার বৈধ অধিকারীও না, তারা জামায়াত-বিএনপির ভাড়াটে খেলোয়াড়। রাজনৈতিক মোল্লাদের এক চুল ছাড় না দিয়ে আইনের আওতায় আনার জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান। মীর হোসাইন আক্তারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, নুরুল আখতার, বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, নইমুল আহসান জুয়েল প্রমুখ।
সাম্প্রদায়িক অপশক্তির হুঙ্কারে বাংলাদেশ পথ হারাবে না: আবু হোসেন বাবলা
দোলাইরপাড়ে মানবশৃঙ্খল কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ঢাকা-৪ আসনের এমপি ও জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বীর বাঙালি যখন মহান একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তী পালন করছে, ঠিক সেই মুহূর্তে দেশের শিল্প-সংস্কৃতি-ঐতিহ্যবিরোধী গোষ্ঠী আবারো পবিত্র ধর্মকে অপব্যবহার করে একাত্তরের মতো ফণা তুলে বাঙালির উন্নয়ন-অগ্রগতি বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে। কিন্তু কোনো সাম্প্রদায়িক অপশক্তির হুঙ্কারে বাংলাদেশ পথ হারাবে না।
কর্মসূচিতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ৪৮ নম্বর ওর্য়াড কাউন্সিলর আবুল কালাম, সংরক্ষিত কাউন্সিলর নাজমা খোকন, জাপার কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহীম মোল্লা প্রমুখ বক্তব্য দেন।
যুব মৈত্রীর প্রতিবাদ সভা
বাংলাদেশ যুব মৈত্রীর উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আস্ফাালন ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্সের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়েছে।
