তারেকের স্তুতি করে কোনো দিন ক্ষমতায় যেতে পারবেন না

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০০:০৬

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির উদ্দেশে বলেছেন, ‘আপনারা যদি সত্যিই ক্ষমতার পট পরিবর্তন চান তাহলে আপনাদের দায়িত্ব অনেক বেশি। তারেক রহমানের স্তুতি করে কোনো দিন ক্ষমতায় যেতে পারবেন না। যদি জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চান তাহলে মাঠে বসুন। তবে তারেককে নিয়ে নয়, নামতে হবে জাইমাকে (তারেক রহমানের মেয়ে জাইমা রহমান) সঙ্গে নিয়ে। আমি তারেককে কোনো দোষ দিচ্ছি না। স্ট্রাটেজি বলে একটা কথা আছে। আমরা বললেই তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার হবে না এবং বাংলাদেশের মাটিতে ফিরতে পারবেন না। একমাত্র গণতন্ত্রের বিজয় হলেই তিনি দেশে ফিরতে পারবেন। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাগপার সভাপতি খন্দকার লুত্ফর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন—বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল ক?বির খোকন, গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, জাগপার প্রেসিডিয়াম সদস্য খোন্দকার আবিদুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত।