নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর জন্য নির্দেশ আগেই দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন গোয়েন্দা এজেন্সির সঙ্গে বাইডেনের অন্তর্বর্তী টিমকে বৈঠক করতে দেয়নি পেন্টাগন। সাবেক এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় নিয়োজিত বাইডেনের অন্তর্বর্তী টিম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক গোয়েন্দা এজেন্সিগুলোর সঙ্গে এখনো বৈঠকের সুযোগ পায়নি। এসব এজেন্সির মধ্যে রয়েছে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। তবে অন্যান্য বিভাগের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া মসৃণভাবেই এগোচ্ছে। যদিও পেন্টাগন বাইডেনের টিমকে বৈঠক করতে না দেওয়ার কথা অস্বীকার করেছে।
একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, সামরিক ব্যাপারে অন্তর্বর্তী টিমের সঙ্গে ব্রিফিং শুক্রবারও অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে উচ্চ পর্যায়ের নীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু ছিল। তবে গোয়েন্দা তথ্য নিয়ে ব্রিফ হয়নি। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বাইডেনের অন্তর্বর্তী টিমের মুখপাত্র নেড প্রাইস।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প পেন্টাগন বিজনেস অ্যাডভাইজরি বোর্ডে পরিবর্তন এনেছেন। সেখানে তিনি তার সাবেক প্রচারণা ম্যানেজার এবং ডেপুটি প্রচারণা ম্যানেজারকে নিয়োগ দিয়েছেন। তবে এই দুই জনের কেউই অতীতে সেনাবাহিনীতে ছিলেন না বা প্রতিরক্ষা বাণিজ্য নিয়ে কোনো পূর্বঅভিজ্ঞতা নেই।
সাক্ষাতে আগ্রহী মাইক পম্পেও:
পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাইডেনের আসন্ন পররাষ্ট্র দপ্তরের টিমের সঙ্গে বৈঠক করতে আগ্রহী আছেন। তার সঙ্গে কাজ করেন এমন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সিএনএনের এক খবরে বলা হয়েছে, পম্পেও এখনো বাইডেনকে বিজয়ী হিসেবে প্রকাশ্যে স্বীকৃতি দেননি। যে কারণে তার আগ্রহের বিষয়টি কিছুটা অবাক করার মতো।
