বিশ্ব শিক্ষক পুরস্কার পেলেন রণজিৎ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৩:৫৪

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশ্ব শিক্ষক পুরস্কার (গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড) পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামের এক স্কুলশিক্ষক। আদিবাসী–অধ্যুষিত এলাকায় নারীশিক্ষা বিস্তারে অসামান্য অবদানের জন্য তিনি এই পুরস্কার পেলেন।

গত বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বিশ্ব শিক্ষক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। সেখানে বিশ্বের ১০ জন সেরা শিক্ষকের মধ্য থেকে ভারতের এক অজপাড়াগাঁয়ের শিক্ষক রণজিৎ সিন দিশালেকে সেরা ঘোষণা দেন অনুষ্ঠানের উপস্থাপক ব্রিটিশ অভিনেতা স্টিফেন ফ্রাই। পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ লাখ মার্কিন ডলার।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমার নয় সহযোগীকে পুরস্কারের অর্ধেক অর্থ আমি দিতে চাই।’

রণজিৎ সিন দিশালে ভারতের মহারাষ্ট্রের সোলাপুর জেলার একটি গ্রামের জেলা পরিষদ প্রাইমারি স্কুলের শিক্ষক। পারিতেওয়াদি গ্রামের এই শিক্ষককে বিশ্বের ১৪০ দেশের ১২ হাজার মনোনীত শিক্ষকের মধ্য থেকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়।

গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, রণজিৎসিন দিশালে পড়ান আদিবাসী–অধ্যুষিত এলাকায়। সেখানকার শিক্ষার্থীদের জন্য মাতৃভাষায় বই নেই। তিনি শিক্ষার্থীদের ক্লাসের বইগুলো মাতৃভাষায় অনুবাদ করে পড়ান। গ্রামের স্থানীয় ভাষায় পড়তে পারার কারণে শিক্ষার্থীদের উপস্থিতিও ক্লাসে থাকে বেশি। রণজিৎসিন দিশালে শিক্ষার্থীদের জন্য কিউআর কোডের মাধ্যমে অডিওতে কবিতা, ভিডিও লেকচার, গল্প ও অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছেন। তার নানামুখী কর্মকাণ্ডের কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও বেড়েছে। তাঁর অনন্য কিউআর কোড প্রযুক্তি এখন পুরো ভারতে ছড়িয়ে পড়ছে।

রণজিৎ সিন দিশালের মতে, শিক্ষকেরাই বিশ্বে ‘প্রকৃত পরিবর্তন’ আনতে পারেন। মহামারি করোনা ভাইরাসের সময় শিক্ষকেরা তাদের সর্বোচ্চ দিয়ে এটা নিশ্চিত করেছেন যে প্রত্যেক শিক্ষার্থী যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভিয়েতনাম, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইতালি, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ব্রাজিলের একজন করে শিক্ষক সেরা দশে ছিলেন। সবাইকে পেছনে ফেলে রণজিৎসিন দিশালেকে বেছে নেয় আয়োজন কর্তৃপক্ষ।

ইত্তেফাক/বিএএফ