বামনায় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৪:৩২

বরগুনার বামনা উপজেলার ঢুষখালী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোনাখালী গ্রামের দিঘীরপাড় নামক স্থানে শনিবার দিবাগত রাত ১০টার দিকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এসময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামাদি ও একটি এলইডি টিভি মনিটর উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, ঢুষখালী গ্রামের লালু ওরফে নাদের মোল্লার ছেলে সগির মোল্লা (৪৫), একই গ্রামের সাহেব আলীর ছেলে রুমান (২২), লক্ষ্মীপুর জেলার রায়পুর গ্রামের মো. মুনসুরের ছেলে মো. মনির (২৮) ও পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাধঘাট এলাকার মো. মানিকের ছেলে আল-আমীন (২৪)।

বামনা থানার অফিসার ইন চার্জ মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ ও জনতা মিলে ওই আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে আটক করে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও বিস্ফোরক আইনে মামলা নিয়ে বরগুনা জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/বিএএফ