মাধবপুরে তেলের ট্রেন লাইনচ্যুত, সিলেটের পথে যোগাযোগ বন্ধ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৫:২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মালবাহী ট্রেনের পাঁচ বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনে আগুনও লেগে যায়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শাহজীবাজার স্টেশনমাস্টার আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল কাইয়ুম জানান, মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। হঠাৎ উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়া আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্টেশনমাস্টার আবদুল কাইয়ুম।

ইত্তেফাক/বিএএফ