বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর, ভাস্কর্য নির্মাণে অপব্যাখ্যা এবং বঙ্গবন্ধুর প্রতি অবজ্ঞা প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকরা।
রবিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে সম্প্রতি কিছু ধর্মান্ধ উগ্র মৌলবাদী গোষ্ঠী বঙ্গবন্ধুকে কটাক্ষ ও অবমাননা করে বক্তব্য দিয়েছে যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। সেই সঙ্গে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুরের মত ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। অতীতেও বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী ধর্মভিত্তিক অপরাজনীতির মাধ্যমে এদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।
এসময় বশেমুরবিপ্রবির শিক্ষকদের পক্ষ থেকে ধর্মান্ধ অপশক্তির সকল অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় এবং নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরে জড়িতসহ ধর্মের অপব্যাখ্যাকারীদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এবিষয়ে মানববন্ধনের পাশাপাশি বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিও প্রকাশ করা হয়।
ইত্তেফাক/এসি
