ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৭:০৯

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন। আজ রবিবার দুপুরে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার একটি হোটেলের হলরুমে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দলীয় প্রার্থীতা প্রত্যাহারের এ ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী মিঠুন বলেন, নির্বাচনের তফছিল অনুযায়ী দলীয় সিদ্ধান্ত মোতাবেক তিনি গত ১৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেন। ১৭ নভেম্বর যাচাই বাছাইয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রথমে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও পরে একটি মামলার তথ্য গোপন করার অভিযোগ এনে প্রার্থীতা বাতিল করে দেয়া হয়। তিনি বলেন, তার বিরুদ্ধে যে মামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি ছিল ২০০৫ সালের একটি সামাজিক মামলা। ওই মামলায় তাকে আদালতে কখনো হাজির হতে হয়নি এবং আদালত কিংবা কোনো তদন্তকারী সংস্থা থেকে তাকে নোটিশও করা হয়নি। পুলিশের তদন্তেই ২০০৬ সালে ওই মামলা থেকে তার নাম বাদ পড়ে যায়। এ মামলার বিষয়ে তিনি কিছুই জানতেন না বলেও দাবি করেন। 

তিনি আরও বলেন, প্রার্থীতা ফিরে পেতে আপিল করলে গত ২২ নভেম্বর কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে শুনানি শেষে তার প্রার্থীতা আবারো বাতিল করে দেয়া হয়। কিন্তু নানা অজুহাতে কালক্ষেপণ করে প্রার্থীতা বাতিলের কাগজপত্র ২৬ নভেম্বর তার নিকট সরবরাহ করা হলে তিনি উচ্চ আদালতে আপিল করেন। গত ৩ ডিসেম্বর আদালত তার প্রার্থীতা বাতিল বহাল রাখে। এ অবস্থায় তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি দলীয় প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন, সহ-সভাপতি শাহ আলম খোকন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক আমির হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/কেকে