পতিত পাবন মণ্ডল
বিভাগীয় প্রধান, বাংলা
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ
ঢাকা
১. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।
গৌরী ও সঞ্জয় অনেক দিন ধরে একই অফিসে চাকরি করছে কিন্তু সহকর্মীরা জানে না দুজনার অন্তরে গভীর ক্ষত। গৌরীকে নিজে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল সঞ্জয়। বছর পাঁচেক আগে লোক খাওয়ানো নিয়ে বিয়ে ভেঙেছে তাদের । পিতৃহীন সঞ্জয় কাকার আশ্রয়ে মানুষ তাই তার দোষ জেনেও প্রতিবাদ করতে পারেনি। একদিন গৌরীর কাছে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে সঞ্জয়। বলে, তার জন্য সে সারা জীবন অপেক্ষা করবে। একটা দীর্ঘশ্বাস ফেলে গৌরী বলে, “কী দরকার, এই তো বেশ আছি!”
ক. কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা ‘একযোগে বিস্তর হাসিলেন’?
খ. “মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর”- উক্তিটি বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের সঞ্জয় ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? বুঝিয়ে দাও।
ঘ. ‘এই তো বেশ আছি!’ গৌরীর এই উক্তিতে ‘অপরিচিতা’ গল্পের পরিণতি প্রতিফলিত হয়েছে উক্তিটি মূল্যায়ন করো।
১. নং প্রশ্নের উত্তর:
ক. কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা ‘একযোগে বিস্তর’ হাসিলেন?
উত্তর:গায়ে হলুদের অনুষ্ঠানে বিস্তর লোকের আদর-আপ্যায়ন করে তাদের বিদায় দিতে কনে পক্ষকে যে নাকাল হতে হবে সে কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসলেন।
খ. “মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর” উক্তিটি বুঝিয়ে লেখো।
উত্তর: “মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর”- উক্তিটিতে অনুপমের মামার হিসেবি, অনুসন্ধিত্সু ও লোভী মানসিকতার প্রতিফলন ঘটেছে। যা মূলত ঘৃণ্য যৌতুক প্রথার কারণেই সৃষ্ট।
অনুপমের সংসারে তার মামাই সর্বেসর্বা। তিনি কখনো ঠকতে রাজি নন। অনুপমের বিয়ের ক্ষেত্রে তার মতামতই সর্বশেষ কথা। অনুপমের অনুরোধে হরিশ মামার কাছে কল্যাণীর কথা উপস্থাপন করে। তবে মামা মেয়ের চেয়ে তার বাবার খরবটাই বেশি জানতে চান, সেটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যাবতীয় দাবি বা চাহিদা তো তাকেই মেটাতে হবে। তাই বলা যায় “মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর”- উক্তিটি দ্বারা অনুপমের মামার হিসেবি, অনুসন্ধিত্সু, লোভী মানসিকতাকে তুলে ধরা হয়েছে।
গ এবং ঘ-এর উত্তর আগামীকাল
