বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২১:০৮

বসুন্ধরা কিংস ১৩

কাচারীপাড়া একাদশ ১

 স্পোর্টস রিপোর্টার

পুরুষ ফুটবলে প্রথম পা রেখেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। একই দলের নারী ফুটবল দলও সেই পথে হাঁটল। প্রথম দল গঠন করেই নারী লিগে শিরোপা জয় করেছে বসুন্ধরা কিংস। এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় করেছে। গতকাল কমলাপুর স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ১৩-১ গোলে হারিয়েছে জামালপুর কাচারীপাড়া একাদশকে। এখনো এক ম্যাচ বাকি রয়েছে। বুধবার এফসি উত্তরবঙ্গের বিপক্ষে শেষ ম্যাচ। ঐ ম্যাচ জিতলে বসুন্ধরা অপরাজিত চ্যাম্পিয়ন হবে। লিগ শেষ হবে ১৩ ডিসেম্বর।

গতকালকের ম্যাচেও গোল উত্সব করেছে বসুন্ধরা। তারা ১২ গোল করেছে আর নড়বড়ে প্রতিপক্ষ জামালপুর কাচারীপাড়া একাদশ নিজেদের ভুলে আত্মঘাতী গোল হজম করে। কালকের ম্যাচে দলের অধিনায়ক সাবিনা খাতুন পাঁচ গোল করেছেন। স্বপ্না ২, তহুরা ২, মারিয়া, নারগিস, শিউলী এবং জামালপুরের আশা একটি করে গোল করেন।

রানার্সআপের পথে রয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। বসুন্ধরার সামনে কোনো দলই মাথা উঁচু করে দাঁড়াতে পারার কথা না। কারণ এই দলটি জাতীয় নারী ফুটবল দলের প্রায় সব খেলোয়াড়কে দল নিয়েছে। লোভনীয় পারিশ্রমিক দিয়ে নেওয়া হয়েছে। সাবিনা, সানজিদা, কৃষ্ণা, মারিয়া যার কথাই বলা হোক না কেন, তারা সবাই বড় পারিশ্রমিকে খেলেছে। এই খেলোয়াড়দের আধুনিক সব সুযোগ-সুবিধা দিতে গিয়ে কোচিং স্টাফের বহর রেখেছিল বসুন্ধরা কর্তৃপক্ষ। আধুনিক প্রশিক্ষণ, থাকা-খাওয়া, চমত্কার পরিবেশে রাখা হয়েছিল নারী ফুটবলারদের। লিগ শুরুর আগেই অধিনায়ক সাবিনা খাতুন বলেছিলেন তারা চ্যাম্পিয়নের জন্য মাঠে নামবেন। কথা রেখেছেন সাবিনা ও তার খেলোয়াড়রা।    

সাত দলের লড়াইয়ে ১১ খেলায় ৩৩ পয়েন্ট পেয়েছে বসুন্ধরা। প্রত্যেক ম্যাচেই সাবিনার পারফরম্যান্সে উজ্জ্বলতা ছড়িয়েছে। গোলের পর গোল করেছেন তিনি। কালকের ম্যাচে সাবিনা চেষ্টা করেছিলেন ডাবল হ্যাটট্টিক করার। কিন্তু সেটা হয়নি। ১১ ম্যাচে সাবিনার ৩০ গোল। এই লিগেই সাবিনা ২৫০ গোলের মাইল ফলক ছুঁয়েছিলেন। 

লিগ চ্যাম্পিয়ন হলেও কমলাপুর স্টেডিয়ামে সাবিনা, তহুরা, মারিয়া, আঁখিরা উত্সব করেনি। স্টেডিয়ামে উত্সবের প্রস্তুতিও ছিল না। চ্যাম্পিয়ন কথাটা লিখে একটা ব্যানার নিয়ে গিয়েছিল। ক্লাব সংশ্লিষ্টরা বলছেন তারা শেষ ম্যাচের পর উত্সব করবেন।