স্পোর্টস ডেস্ক
প্রায় ৯ মাস পর দর্শকেরা ফিরল প্রিমিয়ার লিগে। দর্শক ফেরার উপলক্ষ্যকে স্মরণীয় করে রেখে লিডস ইউনাইটেডকে ৩-১ গোলে পরাজিত করেছে চেলসি। অন্যদিকে ওয়েস্টহামের হাজার দুয়েক দর্শকের সামনে ব্রুনো ফার্নান্দেজের বীরত্বে পিছিয়ে পরেও জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দর্শক না ফিরলেও ফুলহামের বিপক্ষে স্বভাবসুলভ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।
স্ট্যামফোর্ড ব্রিজে ২ হাজার দর্শকের উপস্থিতিতে রুদ্ধশ্বাস এক ম্যাচে কোচ মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেডকে পরাজিত করেছে ফ্র্যাংক ল্যাম্পার্ডের চেলসি। ম্যাচের চতুর্থ মিনিটেই ০-১ গোলে পিছিয়ে যাওয়ার পর ২৭ মিনিটের মাথায় রিস জেমসের ক্রসে পা ছুইয়ে সমতা ফেরান অলিভিয়ের জিরু। দ্বিতীয়ার্ধে কার্ট জুমা ও ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে ৩-১ ব্যবধানে জয় পায় চেলসি। তিন দিন পরই চ্যাম্পিয়ন্স লিগের অলিখিত নক-আউট ম্যাচের কথা মাথায় রেখেই ওয়েস্ট হ্যামের বিপক্ষে কিছুটা খর্বশক্তির দল নামিয়েছিলেন ওলে গুনার সোলশায়ার। তবে দল যখন পিছিয়ে থেকে বিরতিতে গেল, তুনের সেরা তিরগুলোকে আর মাঠে না এনে পারলেন না কোচ সোলশায়ার। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামে ব্রুনো এবং মার্কাস র্যাশফোর্ড। দৃশ্যপট বদলে যায় তখনই। ব্রুনো-র্যাশফোর্ডের কল্যাণে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
দিনের অন্যান্য ম্যাচে ফুলহামকে ২-০ গোলে পরাজিত করেছে পেপ গার্দিওলার ম্যান সিটি। বার্নলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে এভারটন।
