বিএসটিআইয়ের অভিযান
ইত্তেফাক রিপোর্ট
ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল রবিবার ঢাকা মহানগরীর মধ্য বাড্ডা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত দুইটি প্রতিষ্ঠানের মধ্যে মধ্য বাড্ডা এলাকার মেসার্স বিক্রমপুর স্টিল হাউজ রড পরিমাপে প্রতি ১০০ কেজিতে ২০০ গ্রাম কম প্রদান করায় এবং সুমো ব্রান্ডের ১ টন ধারণক্ষমতার একটি ডিজিটাল প্ল্যাটফরম স্কেলের হালনাগাদ ভেরিফিকেশন সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকার মেসার্স মুন্সীগঞ্জ স্টিল করপোরেশন রড পরিমাপে প্রতি ১০০ কেজিতে ৩০০ গ্রাম কম প্রদান করায় এবং ইনডিগো ব্রান্ডের ১ টন ধারণক্ষমতার একটি ডিজিটাল প্ল্যাটফরম স্কেলের হালনাগাদ ভেরিফিকেশন সনদ না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।
