বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২১:৩৬

ইত্তেফাক ডেস্ক

কুষ্টিয়া শহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

চট্টগ্রাম :রবিবার বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের উদ্যোগে নগরীর জিইসি মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হালিশহর থানা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে হালিশহর বিজিবি মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

খুলনা : ভাস্কর্য ভাঙার প্রতিবাদে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং জেলা ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশে করেছে। এদিন সকাল ও দুপুরে দলীয় কার্যালয় চত্বরে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুর : মহানগর যুবলীগ, জেলা যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশগুলো শহরের চান্দনা চৌরাস্তা, দলীয় কার্যালয় ও ভবানীপুর বাজারে অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী : শহরে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগ। এসব বিক্ষোভ মিছিলগুলো আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন স্থানে সমাবেশের মধ্য দিয়ে শেষ।

রাজবাড়ী : ভাস্কার্য ভাঙার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। সকালে জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

ইবি : ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম এবং শাখা ছাত্রলীগের একাংশের উদ্যোগে ভিন্ন সময় এসব কর্মসূচি পালিত হয়।

শরীয়তপুর : শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। মিছিলটি আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

মানিকগঞ্জ : বিক্ষোভ মিছিল করেছে মানিকগঞ্জ জেলা যুবলীগ। বেলা সাড়ে ১২টার দিকে শহরের শহিদ রফিক সড়কে দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বশেমুরবিপ্রবি : ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকরা। দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পাশাপাশি বিবৃতিও প্রকাশ করা হয়।

চাঁদপুর : ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। শনিবার বিকালে শহরের অঙ্গীকার পাদদেশে তিন সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ভেড়ামারা (কুষ্টিয়া) :রবিবার দুপুরে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চৌহালী (সিরাজগঞ্জ) : রবিবার সকালে চৌহালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

লোহাগাড়া (চট্টগ্রাম) : দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।

বানারীপাড়া (বরিশাল) : সকালে বানারীপাড়া  উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সকাল ১১টায়।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ফুলবাড়ীতে দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ।

সিংড়া (নাটোর) : উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে রবিবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মির্জাপুর (টাঙ্গাইল) : রবিবার মির্জাপুর উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

এছাড়া রংপুরের গঙ্গাচড়া, কুড়িগ্রামের উলিপুর, মৌলভীবাজারের বড়লেখা, বরিশালের গৌরনদী, নওগাঁর নিয়ামতপুর, রাজশাহীর বাঘা, নীলফামারীর ডিমলায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।