শীতকালীন সবজির ফলন ও দামে খুশি পাবনার কৃষক

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২১:৩৮

পাবনা প্রতিনিধি

পাবনার সবজিখ্যাত সদর, ঈশ্বরদী, আটঘরিয়াসহ জেলার বিভিন্ন উপজেলায় শীতকালীন সবজির আবাদ হয়েছে। তবে এবার কৃষকরা সবজির ভালো ফলন ও দামে খুশি। তাই রবিশস্য ও শীতকালীন সবজিসহ মৌসুমি ফসল চাষে জেলার কৃষকরা ঝুঁকে পড়েছেন।

শনিবার পাবনা সদরের মনোহরপুর, দাপুনিয়া, ঘরনাগড়া, রানীগ্রাম, চাঁদপুর, ঈশ্বরদীর আওতাপাড়া, ছলিমপুর, বাঁশেরবাদা, আটঘরিয়ার চাঁদভা, পারখিদিরপুর, খিদিরপুরসহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠে সবজির সমারোহ। কৃষক ব্যস্ত সময় পার করছেন সবজির পরিচর্যায়। ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের বাসিন্দা ওহিদুর ইসলাম বললেন, সাড়ে চার বিঘা জমি লিজ নিয়ে ৭০ হাজার টাকা ফুলকপি আবাদে ব্যয় করেছেন। আশা করছেন, কোনো বিপর্যয় না হলে আর কিছুদিনের মধ্যেই ফলানো সবজি তার স্বপ্ন পূরণ করবে। সদরের মনোহরপুর গ্রামের বাসিন্দা বিদেশফেরত সাইফুল ইসলাম। দেশে এসে কৃষি কাজে মনোযোগী হয়েছেন। মৌসুমি সবজি ও সাথী ফসল ফলান তিনি। ইতিমধ্যে বেগুন, শসা, মুলা, ফুলকপি ও বিভিন্ন ধরনের শাকের ভালো দামও পেয়েছেন।  জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সূত্রে জানা গেছে, এবার বিভিন্ন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৩০০ হেক্টর জমিতে। আর আবাদ হয়েছে ১৯ হাজার ৪৫৯ হেক্টর জমিতে। উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৬৫০ টন। প্রতিষ্ঠানটির উপপরিচালক মো. আবদুল কাদের বলেন, চলতি মৌসুমে শীতকালীন সব ধরনের সবজির ভালো ফলন হয়েছে। আর দাম বেশি পেয়েছেন কৃষকরা। কৃষকদের বেশি বেশি সবজি ও ফসল উত্পাদনে উত্সাহিত করা হচ্ছে।