নোয়াখালী প্রতিনিধি
আজ ৭ ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে নোয়াখালী হানাদারমুক্ত হয়।
৬ ডিসেম্বর রাতে বৃহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর (বিএলএফ) প্রধান মাহমুদুর রহমান বেলায়েতের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ফজলে এলাহী, অ্যাডভোকেট মমিন উল্যাহ, মিজানুর রহমান, ফজলুল হক বাদল, মোজাম্মেল হক মিলন, জি এস কাশেম, রফিক উল্যা কমান্ডার, মাইন উদ্দিন জাহাঙ্গীর, মোহাম্মদ উল্যাহ, মোশারফ হোসেন, ভিপি জয়নাল আবেদীনসহ কয়েক শ মুক্তিযোদ্ধা জেলা শহর মাইজদীর রাজাকার আল বদরদের ক্যাম্পগুলো ঘিরে আক্রমণ চালায়। ৬ ডিসেম্বর রাত থেকে ৭ ডিসেম্বর বিকাল পর্যন্ত যুদ্ধ চলে। ঐ সময় শক্র পক্ষের গুলিতে শহিদ হন নোয়াখালী কলেজের অধ্যাপক আবুল হাসেম, ছাত্র নজরুল ইসলাম স্বপন, সরকারি কর্মকর্তা আবদুল জলিল, নাজির বসু মিয়া ও একজন অজ্ঞাত আনসার সদস্য। অন্যদিকে একই সময় সুবেদার লুত্ফুর রহমানের নেতৃত্বে সুবেদার শামছুল হকসহ মুক্তিযোদ্ধারা বেগমগঞ্জে টেকনিক্যাল হাই স্কুলসহ বিভিন্ন ক্যাম্পের শক্রদের পরাজিত করে বিজয় পতাকা উড়িয়ে দেন, শক্রমুক্ত হয় নোয়াখালী। দিবসটি উপলক্ষ্যে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
