বিভিন্ন স্থানে হানাদার মুক্ত দিবস পালিত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২১:৪২

ইত্তেফাক ডেস্ক

১৯৭১ সালের ৬ ডিসেম্বর দেশের বিভিন্ন এলাকা হানাদারমুক্ত হয়। দিবসটি উপলক্ষ্যে এদিন নানা কর্মসূচির আয়োজন করা হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

ব্রাহ্মণবাড়িয়া: উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

কচুয়া (চাঁদপুর) :মুক্ত দিবস উপলক্ষ্যে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ। আলোর মশালের সভাপতি ওমর ফারুক সায়েম মৃধার সভাপতিত্বে ও সহসভাপতি সাকিবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, আনোয়ার হোসেন শিকদার প্রমুখ। আলোচনা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিরামপুর (দিনাজপুর) :বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে সকালে ঢাকা মোড়ে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণের পর সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার প্রমুখ।

মহেশপুর (ঝিনাইদহ) :মহেশপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল।

রাজারহাট (কুড়িগ্রাম) :উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজারহাট প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঠাটমারী বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এর আগে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা. আসাদুজ্জামান জুয়েল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজব আলী, বীর মুক্তিযোদ্ধা মন্টু কার্জ্জী প্রমুখ।