বগুড়ার কাহালু উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। প্রত্যন্ত এ উপজেলার অধিকাংশ বাসিন্দা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির। আর্থিক সংকটে এ বৃহত্ জনগোষ্ঠীকে চিকিত্সাসেবা পেতে যেতে হয় কাহালু সদর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সরকার গ্রামাঞ্চলের মানুষকে উন্নত চিকিত্সাসেবা প্রদানের লক্ষ্যে প্রতিটি উপজেলা হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের পদ সৃষ্টি করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দশজন বিশেষজ্ঞ ডাক্তারের পদ থাকলেও বিশেষজ্ঞ ডাক্তার আছেন মাত্র একজন। এমনকি অ্যাম্বুলেন্সে ড্রাইভারের অভাবে জরুরি কোনো রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া সম্ভব হয় না; উপরন্তু তা অকেজো অবস্থায় পড়ে রয়েছে। যে কারণে উন্নত চিকিত্সাসেবা নিতে ধরনা দিতে হয় বগুড়া শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে। ফলে একদিকে উপজেলাবাসী উন্নত চিকিত্সাসেবা থেকে বঞ্চিত, অন্যদিকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। কাহালু উপজেলাবাসীর এই দুর্ভোগ ঘোচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহম্মদ শাহিন, কাহালু, বগুড়া
