ইত্তেফাক রিপোর্ট
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করেছিলেন বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। কাজেই বঙ্গবন্ধুর সম্মানে দেশে যে ভাস্কর্য হবে তা নির্মাণে কোনো বাধা দিতে আসবেন না। বঙ্গবন্ধুর ভাস্কর্য এদেশের মাটিতে হবেই।
গতকাল রবিবার মিরপুরের লালকুঠি হাসপাতালে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৬ থেকে ৮ ডিসেম্বর পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ-২০২০ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য বছরের পর বছর কষ্ট করেছেন, জেল খেটেছেন। একমাত্র বঙ্গবন্ধুই পেরেছেন দেশকে স্বাধীন করতে। বেলুচিস্তান বা কাশ্মীর এখনো স্বাধীনতা পায়নি। পরিবার পরিকল্পনা সপ্তাহ পালন প্রসঙ্গে তিনি জানান, অন্যান্য বছর ব্যাপক পরিসরে পরিবার পরিকল্পনা সপ্তাহ পালন করা হলেও এবছর করোনার কারণে কিছুটা সীমিত পরিসরে পালন করা হচ্ছে। তবে করোনার কারণে মানুষের স্বাস্থ্যসেবার কোনো ঘাটতি হতে দেওয়া হয়নি। দেশের ১৪ হাজার হেলথ কমিউনিটি ক্লিনিক সার্বক্ষণিক খোলা রয়েছে। টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। ভ্যাক্সিন আনার কাজও এগিয়ে যাচ্ছে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী ২০০ শয্যাবিশিষ্ট লালকুঠি, মিরপুর মাতৃ ও শিশুশিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট ও হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং হাসপাতাল প্রাঙ্গণে একটি বকুল ফুল গাছের চারা রোপণ করেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানুর (এনডিসি) সভাপতিত্বে সভায় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক আসলাম এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
