দণ্ডিত দুই আসামিকে জামিন দেয়নি আপিল বিভাগ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২২:২৪

২১ আগস্ট গ্রেনেড হামলা

ইত্তেফাক রিপোর্ট

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ডিত দুই আসামিকে জামিন দেয়নি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। দণ্ডিত ঐ দুই আসামি হলেন, পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান ও ঢাকা মহানগর পুলিশের সাবেক উপ-কমিশনার ওবায়দুর রহমান খান। আদালতে আসামি পক্ষে আইনজীবী আরশাদুর রউফ ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ দেবনাথ শুনানি করেন।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের ১৮ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ডাবল মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে ডাবল যাবজ্জীবন দণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় আরো ১১ আসামিকে। এদের মধ্যে খান সাঈদ হাসান ও ওবায়দুর রহমান খান রয়েছেন। বিচারের শুরু হতে পলাতক থেকে গত বছরের ২৮ জানুয়ারি তারা আত্মসমর্পণ করে জামিন চান। ঐ বছরের ৯ মার্চ আদালত তাদের আবেদন খারিজ করে দেয়। ঐ আদেশ বহাল রাখে হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন দুই আসামি।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ডাকা সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা।

ঐ হামলায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান তত্কালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী। এ ঘটনায় দায়ের করা হয় মামলা।