কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশের হুমকি, অভিযুক্ত ছাত্র গ্রেফতার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২২:২৪

ইত্তেফাক রিপোর্ট

সাভারে প্রেমের সম্পর্ক গড়ে তুলে কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশের হুমকির অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে নিজ বাড়ি থেকে ঐ ছাত্রকে আটক করা হয়। গ্রেফতারকৃতের নাম রিফাত আহমেদ সজল (২২)। সে পৌর এলাকার কাতলাপুর মহল্লার সরোয়ার হোসেনের ছেলে ও বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির ইংলিশ বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, আটক রিফাত এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা সময়ে তার আপত্তিকর ভিডিও ধারণ করে। এক পর্যায়ে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় এবং বিভিন্ন রকম হুমকি দেয়। পরে ঐ ছাত্রী এ ব্যাপারে থানায় অভিযোগ করলে রিফাত আরো বেপরোয়া হয়ে ওঠে এবং প্রকাশ্যে তার ওপর হামলা চালিয়ে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বিষয়টি জানাজানির পর ঐ ছাত্রীর বাবা শনিবার রাতে ডিজিটাল নিরাপত্তা এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে তাকে গ্রেফতার করে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, ছেলেটি বখাটে। তার প্রকৃত চেহারা প্রকাশ পাওয়ার পর মেয়েটি ঐ যুবককে এড়িয়ে যাবার চেষ্টা করে। এতে ক্ষুব্ধ হয়ে সে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগী ও তার পরিবারকে মানসিক চাপে রেখেছিল।