দুর্গাপুর উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে শিখা রানি দাস অস্বাভাবিক শিশুর জন্ম দিয়েছেন। ত্রুটিপূর্ণভাবে জন্ম নেয়া এ শিশুটির উন্নত চিকিত্সার জন্য চিকিত্সকরা জরুরি ভিত্তিতে বড় কোনো হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দিলেও অর্থাভাবে তা করতে পারছেন না তার বাবা-মা।
জানা গেছে, বুধবার রাতে উপজেলা সদরের ২নং ওয়ার্ডের সাধুপাড়া এলাকার অজিত চন্দ্র দাসের স্ত্রী শিখা রানি দাস দুর্গাপুর সদরে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র পরিচালিত ডিএসকে মাতৃসদন ও ল্যাবরেটরি হাসপাতালে এ অস্বাভাবিক ছেলে শিশুটির জন্ম দেন। সদ্য জন্ম নেয়া প্রায় আড়াই কেজি ওজনের ওই শিশুর পেটের অভ্যন্তরীণ হজমের নাড়ি বা অন্ত্র পেটের বাইরে বেরিয়ে আছে। অন্যদিকে শিশুটির ডান চোখ বন্ধ। ঠোঁট ও তালু কাটা। ওই হাসপাতালের চিকিত্সক ডা. কাজী এএইচ মোস্তফা কামাল জানান, নির্ধারিত তারিখের দুই সপ্তাহ আগে জন্ম নেয়া শিশুটির মারাত্মক জন্মগত ত্রুটি রয়েছে। তবে জরুরিভিত্তিতে বড় কোনো হাসপাতালে নিয়ে সার্জারি করলে সুস্থ হয়ে যেতে পারে।
শিশুটির বাবা অজিত চন্দ্র দাস ঢাকায় একটি সেলুনে কাজ করেন। এতো টাকা খরচ করে উন্নত চিকিত্সা করার সামর্থ্য তার নেই। তাই তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের শরণাপন্ন হয়ে সরকারের বা বিশেষায়িত হাসপাতালসমূহের কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।
