আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘যে উগ্রবাদী গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য ভেঙেছে, তাদের উদ্দেশে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অনেক করেছেন। এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে)। এবার থামুন। বঙ্গবন্ধু মানে এদেশের অস্তিত্ব, স্বাধীনতা, দেশ এবং আমাদের পবিত্র সংবিধান। বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে এদেশের মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা।’
গতকাল রবিবার সকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আমাদের কর্মীদের এখনো নিয়ন্ত্রণে রেখেছি। আর বাড়াবাড়ি করলে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা ঘরে চুপ করে বসে থাকবে না। মুসলিম, হিন্দু, খ্রিষ্টান—সবার মিলিত রক্তের স্রোতধারায় অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের স্বার্থের কাছে জিম্মি হতে তারা দেবে না।’
ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশব্যাপী ধর্মীয় বিভেদ তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই দেশ ও জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্যের অবমাননা মানে আমাদের চেতনার মর্মমূলে আঘাত হানা। জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণ সাংবিধানিকভাবেই বিধিবদ্ধ বিষয়। তাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা প্রকারান্তরে সংবিধানের অবমাননা।
ওবায়দুল কাদের বলেন, ‘কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা যারা করেছে, স্পষ্টভাবে আমি বলতে চাই, যারা এই অপকর্ম করেছে, তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। সেখানে যারাই জড়িত থাক, তাদের ভিডিও আমাদের কাছে আছে। যারা জড়িত, তাদের শাস্তি পেতেই হবে।’
তিনি বলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা দুই মেরুতে অবস্থান করায় সাময়িকভাবে তাদের দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে তারা এখনো দলের নেতা। বহিরাগতদের বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এখনো এতটা বিপদে পড়েনি যে যখন-তখন যাকে-তাকে এনে দল ভারী করতে হবে।
নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিরজাদা মোহাম্মদ আলী প্রমুখ।
