চট্টগ্রামে নির্মাণাধীন রেলব্রিজে ক্রেন ছিঁড়ে গার্ডার পড়ল মাটিতে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২২:৪২

ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডে নির্মাণাধীন রেলওভার ব্রিজে গার্ডার স্থাপনের সময় ক্রেন ছিঁড়ে গার্ডারটি মাটিতে পড়ে। এ সময় নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি আহত হয়েছেন। ভাগ্যক্রমে অনেকেই প্রাণে বেঁচে গেছেন। গতকাল রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) রেলওভার ব্রিজের নির্মাণকাজ করছে। এ ব্যাপারে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস ইত্তেফাককে বলেন, ‘গার্ডারটি তোলার সময় ক্রেন ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এতে রেল চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরে আরেকটি ক্রেন এনে গার্ডারটি সরানো হয়।’ অভিযোগ উঠেছে, দুর্বল ক্রেন দিয়ে বৃহত্ গার্ডার ওপরে তোলা হচ্ছিল। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে সিডিএর উদ্যোগে বহদ্দারহাট ফ্লাইওভার নির্মাণের সময় গার্ডার নিচে পড়ে ১৬ জন পথচারী মারা যান।