সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১২

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২২:৪৩

সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল রবিবার শিশু-কিশোর, স্কুলশিক্ষক, সরকারি কর্মকর্তাসহ ১২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নাটোরের লালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। ইত্তেফাক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে। গতকাল রবিবার ভোরে দুয়ারিয়া-রাজাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার জিয়া আলীর ছেলে সজীব (১৭), মতিন আলীর ছেলে ফয়সাল (১৮) ও ঈশ্বরদী উপজেলার সাইদুল ইসলামের ছেলে জিহাম (১৮)।

কেশবপুর (যশোর) সংবাদদাতা জানান, কেশবপুরে ঘের দখলে ব্যর্থ হয়ে গ্রামবাসীর ধাওয়ার মুখে পালাতে গিয়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় পথচারী কুমারেশ দাস (৭২) নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। এছাড়া মত্স্যঘের দখলের চেষ্টার অভিযোগেও ঘেরের মালিক কামরুজ্জামান ১৭ জনের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমান (৪৬) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল সকালে জেলা শহরের নগুয়া এলাকার নিজ বাসা থেকে মোটরসাইকেলযোগে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন। কিশোরগঞ্জ-চামটাবন্দর সড়কে করিমগঞ্জ উপজেলার মনসন্তোষ নামক স্থানে একটি অজ্ঞাত যানবাহন তার মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, কমলগঞ্জে ইজিবাইক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। নিহত সঞ্জয় রেলী (১২) কুরমা চা-বাগানের কালিটিলা শ্রমিক বস্তির চা-শ্রমিক স্বপন রেলীর ছেলে। গতকাল সকাল সাড়ে ১০টায় ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, গতকাল বিকেলে কসবার সৈয়দাবাদ এলাকায় সিলেট অভিমুখী যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই এক জন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গুরুতর আহত চার জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মো. সিরাজুল ইসলামের (৫০) বাড়ি কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ধামসার গ্রামে। তিনি ধামসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

জানা যায়, সিরাজুল ইসলাম মেয়ের বিয়ের দাওয়াত নিয়ে সিলেটগামী বাসে জেলা শহরে যাচ্ছিলেন। নিহতের বাড়ি থেকে চার কিলোমিটার অদূরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় উলটে গিয়ে খাদে পড়ে যায় বাসটি। এ সময় বাসের নিচে চাপা পড়ে মারা যান শিক্ষক সিরাজুল ইসলাম।

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সাতবাড়িয়া-ফকিরহাট বাজারে একটি সিএনজিচালিত অটোরিকশা উলটে সাহেব উল্লাহ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন জন। গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেব উল্লাহ সোনালী ব্যাংক কানকিরহাট শাখার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার গ্রামের বাড়ি বেগমগঞ্জ উপজেলার লতিফপুরে।

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় এক জন আহত হয়েছেন।

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে জামুদ্দি (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে কুড়িগ্রাম-চিলমারী সড়কের হামিরবাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল অফিস :বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশা উলটে আমেনা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে নগরীর বান্দ রোডের প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বরিশাল নগরীর সাগরদি সিকদারপাড়ার ফরিদ সিকদারের স্ত্রী।

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা জানান, বাকেরগঞ্জে একটি বাসের ধাক্কায় মো. এসকেন্দার হাওলাদার (৮০) নামে এক স্থানীয় পথচারী নিহত হয়েছেন। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রুহিতারপাড় গ্রামের মৃত মোনতাজ উদ্দীন হাওলাদারের ছেলে। গতকাল দুপুর  দেড়টার দিকে রুহিতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।