তালতলীতে গৃহবধূ ও মানিকছড়িতে যমজ শিশু ধর্ষণের শিকার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২২:৪৪

বরগুনার তালতলীতে গৃহবধূ ও খাগড়াছড়ির মানিকছড়িতে জমজ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া মানিকগঞ্জের সিংগাইরে এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, তালতলীতে এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে সত্ ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় গত বৃহসপতিবার সন্ধ্যায় ঐ গৃহবধূ নানা বাড়িতে যাওয়ার জন্য বের হলে পথিমধ্যে সত্ ভাসুর জালাল মৃধা (৫০) তাকে জোরপূর্বক ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। গৃহবধূ বাদী হয়ে তালতলী থানায় ধর্ষণ মামলা দায়ের করলে শনিবার তাকে গ্রেফতার করা হয়।

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় গত শুক্রবার রাতে জমজ মাতৃহীন দুই শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত শনিবার রাতে ধর্ষিতাদের নানী বাদি হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ ধর্ষক মো. নুর আলম (৪৯) ওরফে আলমকে আটক করে।সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার কাংশা ছহির উদ্দিন ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার বড় হুজুরের কক্ষে এক বিবাহিত নারীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। বহিরাগত আসামি মো. রিপন মিয়া টাঙ্গাইল জেলার নাগপুর থানার সারোটিয়া গাজী গ্রামের মো. ছামেদ মিয়ার ছেলে। এ মামলার অন্য আসামিরা হলেন উপজেলার আজিমপুর গ্রামের তারা মাদবরের ছেলে আবু বকর ও একই এলাকার জসিম উদ্দিন।

রূপগঞ্জে বলাত্কারের শিকার শিশু

এদিকে রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় শনিবার রাতে দশ বছরের শিশু সাকিব হাসানকে বলাত্কার করা হয়েছে। বাইসাইকেল কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের নির্জনস্থানে নিয়ে ঐ এলাকার ভাড়াটিয়া আব্দুল মতিন (৪২) এ ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।