সিইসির সঙ্গে স্বরাষ্ট্র সচিব ও আইজিপির সাক্ষাত্

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ২২:৪৫

আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাত্ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও পুলিশের আইজি। গতকাল রবিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি কার্যালয়ে এই সাক্ষাত্ অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে তারা সিইসির সঙ্গে সাক্ষাত্ করেছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা মোতায়েন সংক্রান্ত পরিকল্পনা নিতে সুবিধা বিবেচনায় কবে কতগুলো প্রতিষ্ঠানে নির্বাচন হবে সেই সংক্রান্ত আলোচনা হয়েছে।

ইতিমধ্যে দুই ধাপের পৌরসভা নির্বাচনের তপশিল ঘোষণা করেছে কমিশন। প্রথম ধাপে ২৮ ডিসেম্বর ২৫টি এবং দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি ৬১টি পৌরসভায় ভোটগ্রহণ করবে কমিশন। এ ছাড়া চলতি সপ্তাহে তৃতীয় ধাপের তপশিল হওয়ার কথা রয়েছে। এই ধাপে ৩০ জানুয়ারি এবং চতুর্থ বা শেষ ধাপে ১৩ ফেব্রুয়ারি ভোট করার কথা রয়েছে।

এদিকে, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার সংশ্লিষ্টদের চিঠি দিয়ে এ নির্বাচন বাতিল করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কমিশন। অনিয়মের অভিযোগে নির্বাচনটি বাতিল করা হয়।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করা হয়েছে। শিগিগরই সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, গত ১০ অক্টোবর এ উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. কাউছার জয়ী হন। চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করে ইসির একটি কমিটি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার সাহা, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুজ্জামান তালুকদার ও নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহেদুন্নবী চৌধুরীর কমিটি এ নির্বাচনে অনিয়মের অভিযোগ পায়। অনিয়ম প্রমাণিত হওয়ায় চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করলো ইসি।