নিরাময় কেন্দ্রে এ কেমন নিরায়ম!

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০০:২৭

ফতুল্লার জালকুড়ি এলাকার দিপ্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে মাথা ন্যাড়া এবং হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খোকন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মারধরের শিকার শহরের ডনচেম্বার এলাকার মৃত হাবিবুল্লাহ মাস্টারের পুত্র শাহাদাত হোসেন পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। অগ্রণী ব্যাংকের শহরের টানবাজার শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) তিনি। শনিবার বিকালে স্ত্রীর অভিযোগে শাহাদাত হোসেনকে দিপ্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করে মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক এস এম শামীম জানান, রাত সাড়ে ৩টার দিকে জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে তার স্ত্রী রওশন আরাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রেখে আসা হয়েছে। সাউথ ইস্ট ব্যাংকের মতিঝিল শাখায় কর্মরত স্ত্রী রওশন আরা জানান, তার স্বামী একজন মাদকাসক্ত ও মানসিক রোগী। নিয়মিত তাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করত।

শাহাদাত হোসেনের ভাতিজা মো. ইয়াসিন জানান, গত শনিবার বিকালে ৮/১০ জন লোক তার চাচাকে মারতে মারতে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। ব্যাংক কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, তাকে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে ব্যাপক নির্যাতন করা হয়। এক পর্যায়ে মাথার চুল কেটে ন্যাড়া করে ইনজেকশন দেওয়ার চেষ্টা করে তারা। রাতে পুলিশ তাকে উদ্ধার করে।

এদিকে ঘটনাস্থল থেকে ঐ ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করা ফতুল্লা মডেল থানার এসআই এস এম শামীম বলেন, কেউ মানসিক রোগী হলে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত। কিংবা মাদকাসক্ত হলেও পরিবারের মতামত জরুরি। এ ঘটনায় ঐ ব্যাংক কর্মকর্তার পরিবারের লোকজন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।