তথাকথিত প্রণোদনা শুভঙ্করের ফাঁকি —মির্জা ফখরুল

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০০:৩২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার বাংলাদেশকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। নতুন করে তারা ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশে তারা আবার অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। কুষ্টিয়াতে বিএনপির অফিস ভাঙচুরের করে আবার সন্ধ্যার পর আমাদের সাধারণ সম্পাদকের ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, কোভিডের তথাকথিত প্রণোদনা শুভঙ্করের ফাঁকি—সবকিছু আওয়ামী লীগ একেবারে খেয়ে ফেলেছে।

গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবসে’র আলোচনাসভায় বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন। নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে আলোচনাসভায় ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেত্রী কারাগারে, আমাদের নেতা তিনি অনেক দূরে। আমাদের নেত্রী এই নীরবে থেকেও, এই নীরবতায় আমাদেরকে শক্তি যোগাচ্ছেন। আমি মনে-প্রাণে বিশ্বাস করি যে, তরুণরাই বদলায়, যুবকরাই বদলায়, সমাজ পরিবর্তন করে। আজকে মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন আপনাদেরকেই আনতে হবে। এই ৬ ডিসেম্বর আমাদের আমান উল্লাহ আমান সাহেবরা যে সাহস ও মেধা দিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন। আমি বিশ্বাস করি, আমাদের তরুণরাও মেধা ও সাহস দিয়ে সেই অসম্ভবকে সম্ভব করবেন।