ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে একটি আলাদা কমিশন গঠনের প্রস্তাব করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল রবিবার মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে আয়োজিত অনলাইন মতবিনিময় সভায় এ প্রস্তাব করা হয়। সভায় বলা হয়, কোভিডকালে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নারী, শিশু, সংখ্যালঘু, আদিবাসী, প্রান্তিক নারী নির্যাতনের মাত্রা ও ভয়াবহতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
‘ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ—আসুন নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি’ প্রতিপাদ্যে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনোমিক্স ইউনিট, হেলথ সার্ভিসেস ডিভিশনের মহাপরিচালক ড. মো. শাহাদত্ হোসেন মাহমুদ। আলোচনায় অংশ নেন ওজিএসবির প্রাক্তন সভাপতি ও বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি অধ্যাপক ডা. রওশন আরা বেগম; সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম এ সবুর; ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ; নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০৭-এর স্পেশাল পিপি অ্যাডভোকেট আফরোজা ফারহানা আহমেদ; ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রুমানা আক্তার; ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপপুলিশ কমিশনার হামিদা পারভীন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের প্রতিনিধি ডেপুটি ডিরেক্টর সুস্মিতা পাইক; মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মালটিসেক্টরাল প্রোগ্রামের ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নাফিসা সুলতানা প্রমুখ।
