খুলনার চতুর্থ জয়

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০০:৩৩

লটারিতে মাশরাফি বিন মুর্তজাকে পাওয়ার দিনে বঙ্গবন্ধু টি-২০ কাপে চতুর্থ জয় পেয়েছে জেমকন খুলনা। গতকাল মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ৫ উইকেটে পরাজিত করেছে খুলনা। ছয় ম্যাচে চার জয়ে প্লে-অফ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে মাহমুদউল্লাহর। সমান ম্যাচে রাজশাহীর এটি চতুর্থ হার। জহুরুল-জাকির হাসানের ৫৬ রানের ওপেনিং জুটিতে ভালো শুরু পেয়েছিল খুলনা। পরে ইমরুল, অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটে ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান তুলে জয় নিশ্চিত করে খুলনা। জহুরুল ৪৩, জাকির ১৯, ইমরুল ২৭, সাকিব ৪, মাহমুদউল্লাহ ১৯ বলে অপরাজিত ৩১ রান করেন।

এর আগে ৫ উইকেটে ১৪৫ রান তুলেছিল রাজশাহী। টপ-অর্ডারে অধিনায়ক নাজমুল শান্তর হাফ সেঞ্চুরি, মিডল অর্ডারে নুরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় দলটি। শান্ত ৩৮ বলে ৫৫ রান (৬ চার, ২ ছয়) করেন। সোহান ২১ বলে অপরাজিত ৩৭ রান করেন। জাকের আলী অপরাজিত ১৫ রান করেন। খুলনার শুভাগত দুটি উইকেট পান।